সুন্দরগঞ্জ (গাইবান্ধা )প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে জমি নিয়ে বিরোধ এবং মেয়েকে উত্ত্যক্তের ঘটনার জেরে এক বৃদ্ধ দম্পতির উপর হামলা চালিয়ে গুরুতর জখম ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।
এজাহার সূত্রে জানা যায়, কঞ্চিবাড়ি এলাকার মোঃ আব্দুল কাদের মিয়া (৭৪)এর মেয়ে মোছাঃ লাকি বেগমকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আসামীদের সাথে তাদের দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলছিল। এর জের ধরে আসামীরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
এরই জেরে গত ১৬ আগস্ট বিকাল আনুমানিক ৩ টার দিকে ২নং আসামী আতিকুর রহমান (৩২) কাদের মিয়ার বাড়ির পাশে আমন ধানের চারা রোপণকৃত জমিতে আইল কেটে টেমাই বসাচ্ছিলেন। এতে বাধা দিলে আসামী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।
একই দিন বিকালে ২নং আসামী সহ ৩/৪ জন অজ্ঞাতনামা ও ১নং আসামী রশিদুল ইসলাম (৫০), ৩নং আসামী রুপিয়া বেগম (৫৫), ৪নং আসামী মনোয়ারা বেগম (২৭) ও ৫ নং আসামী আল্পনা বেগম (২৮)দেশীয় অস্ত্র নিয়ে কাদের মিয়ার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।
এসময় আসামীরা কাদের মিয়া ও তার স্ত্রী মোছাঃ নুরুজ্জাহান বেগমকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১নং আসামী রশিদুল ইসলাম সজোরে ঘুষি মেরে কাদের মিয়ার ডান চোখে গুরুতর রক্তজমাট বাধা জখম করে। এক পর্যায়ে ২নং আসামী আতিকুর রহমান তাকে হত্যার উদ্দেশ্যে বুকের উপর বসে গলা চেপে ধরে। এসময় স্ত্রী নুরুজ্জাহান বেগম বাঁধা দিতে গেলে আসামী আতিকুর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
এ সুযোগে ৩নং আসামী রুপিয়া বেগম নুরুজ্জাহান বেগমের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য আনুমানিক ১লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় কাদের মিয়াকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আব্দুল কাদের মিয়া বাদী হয়ে উল্লেখিত ৫ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.