রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে চিকিৎসাধীন এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের সার্জারি-১ নম্বর ওয়ার্ডের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া (৫৫)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
নিহতের স্বজনেরা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় বাচ্চু মিয়া স্বাভাবিকভাবে বাথরুমে যান এবং ওয়ার্ডে ফিরে আসেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নিজের ব্যবহৃত একটি গামছা নিয়ে আবারও একাই বাথরুমে যান। এ সময় স্ত্রী সঙ্গে যেতে চাইলে তিনি নিজেই যেতে পারবেন বলে জানান।এর কিছুক্ষণ পর নার্স ওষুধ দিতে এসে রোগীকে না পেয়ে খোঁজ করতে বলেন। পরে স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় হাসপাতালের কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ভেন্টিলেশনের রডের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাচ্চু মিয়াকে দেখতে পান।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.