
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ নিয়ে একদিনেই তৈরি হয়েছে নজিরবিহীন নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ এবং পরবর্তীতে তা বাতিলের ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালেই শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯'-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চার বছর মেয়াদি এই নিয়োগের খবরে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়। অনেকে নতুন উপাচার্যকে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছিলেন।
তবে বিকেলের দিকে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত নতুন এক প্রজ্ঞাপনে জানানো হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেরোবি সংক্রান্ত যে আদেশটি জারি করা হয়েছিল, তা জনস্বার্থে বাতিল করা হয়েছে। কেন বা কী কারণে এত দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
রংপুরের এই বিদ্যাপীঠে উপাচার্য নিয়োগ এবং কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল হওয়ার বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের এই ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনকে অনেকে 'অস্বাভাবিক' হিসেবে দেখছেন। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত একজন স্থায়ী এবং যোগ্য অভিভাবক নিয়োগের দাবি জানিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় থাকে।
উল্লেখ্য যে, এর আগে একই দিনে দেশের আরও ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের খবর এসেছিল। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই আকস্মিক রদবদল বর্তমানে টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী আদেশে কাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.