
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম (৫৫) মর্মান্তিকভাবে মারা গেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকায় বেশ পরিচিত ও সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।